শুক্রবার ২৭ ফেব্রুয়ারী ২০২৬ - ১২:৩৬
সচ্চরিত্র, বিনয় ও জিহ্বার সংযম মুত্তাকীদের প্রধান বৈশিষ্ট্য

ইরানের মারান্দ শহরের জুমার ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন পুরমোহাম্মদী বলেছেন, সচ্চরিত্র, আচরণে বিনয় ও জিহ্বার কঠোর সংযম হলো মুত্তাকী মানুষের প্রধান বৈশিষ্ট্য। যে ব্যক্তি বন্দেগির পথে চলতে চায়, তার ব্যক্তি ও সামাজিক জীবনের সর্বক্ষেত্রে এই তিনটি নীতি অনুসরণ করা উচিত।

হাওজা নিউজ এজেন্সি’র তাবরিজ প্রতিনিধির প্রতিবেদন অনুযায়ী, মারান্দের জুমার ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ তাকি পুরমোহাম্মদী শহরের সাহেবুজ্জামান (আ.ফা.) মাদ্রাসার তালেবে ইলমদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে পবিত্র রমজান মাসের বরকত প্রসঙ্গে আলোচনা করে এই মাসকে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের এক অতুলনীয় সুযোগ বলে অভিহিত করেন।

তিনি পবিত্র রমজান মাসের আগমনে অভিনন্দন জানিয়ে একে কুরআন নাজিলের মাস, রহমত, বরকত ও মাগফিরাতের মাস বলে উল্লেখ করে জোর দিয়ে বলেন, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা এবং এই মাসের অসীম অনুদান থেকে বঞ্চিত হওয়া সত্যিই দুঃখজনক।

মারান্দের জুমার ইমাম রাসুলুল্লাহ (সা.)-এর শাবানিয়া খুতবা এবং আমিরুল মুমিনিন আলী (আ.)-এর এই মাসে সর্বোত্তম আমল সম্পর্কিত প্রশ্নের উল্লেখ করে বলেন, নবী করিম (সা.) উত্তরে বলেছিলেন: "الْوَرَعُ عَنْ مَحَارِمِ اللّه" অর্থাৎ পবিত্র রমজান মাসে সর্বোৎকৃষ্ট ও সর্বাধিক মর্যাদাপূর্ণ আমল হলো আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বিরত থাকা। রোজা শুধু খাবার-দাবার থেকে বিরত থাকার নাম নয়, বরং এর চূড়ান্ত লক্ষ্য হলো পবিত্র আয়াত "لَعَلَّکُمْ تَتَّقُونَ"-এ উল্লিখিত তাকওয়ার উচ্চ মর্যাদায় পৌঁছানো; সেই তাকওয়া মানুষকে গুনাহ ও পাপাচারের খাদ থেকে বিরত রাখে।

তিনি হযরত আমিরুল মুমিনিন আলী (আ.)-এর বিখ্যাত খুতবা, যা মুত্তাকীদের খুতবা বা হাম্মামের খুতবা নামে পরিচিত, তার ভিত্তিতে মুত্তাকীদের গুণাবলী বর্ণনা করে বলেন, এই খুতবায় হযরত আলী (আ.) সেই ব্যক্তির একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেছেন, যিনি তার প্রতিটি চলা-ফেরায় ও কাজ-কর্মে সংযম ও বিনয় বজায় রাখেন।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন পুরমোহাম্মদী এই খুতবার কিছু অংশ উল্লেখ করে তাকওয়া অর্জনের প্রধান অন্তরায় হিসেবে জিহ্বার ক্ষতিসমূহের বিষয়টি উল্লেখ করেন এবং স্মরণ করিয়ে দেন, মরহুম নারাকী ও ফয়েজ কাশানীর রচনাসহ আখলাকের কিতাবসমূহে জিহ্বার অনেক ক্ষতির কথা বর্ণিত হয়েছে; যেমন গিবত (পরনিন্দা), অপবাদ, মিথ্যা, চোগলখুরি ও বিদ্রুপ করা।

তিনি স্পষ্ট করে বলেন, ঈমানদার ব্যক্তির কথাবার্তা সত্য ও বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। যেমনটি পবিত্র কুরআন কিয়ামতের দিন মুমিনদের কথা বর্ণনা করতে গিয়ে বলেছে: "وَ قَالَ الصَّوَابَ" (এবং সে সঠিক কথা বলবে)।

মারান্দের জুমার ইমাম ব্যক্তি ও সামাজিক জীবনে বিনয় ও নম্রতার গুরুত্ব উল্লেখ করে এটিকে মুত্তাকীদের সুস্পষ্ট লক্ষণগুলোর একটি বলে অভিহিত করেন।

তিনি উল্লেখ করেন, বিনয় শুধু হাঁটার ধরন বা পোশাক-আশাকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের সমস্ত কাজ-কর্মের প্রতিফলন ঘটায়। একজন মুত্তাকীকে আল্লাহর সামনে, নবী-ওলীদের সামনে, শিক্ষকের সামনে, পিতা-মাতার সামনে এবং এমনকি আল্লাহর সকল সৃষ্টির সামনে বিনয়ী হতে হবে। এই বিনয় ও সচ্চরিত্রই দ্বীন প্রচারের শ্রেষ্ঠ ও সবচেয়ে কার্যকর মাধ্যম।

তিনি সময় ব্যবস্থাপনা এবং ধর্মীয় জ্ঞান অর্জনে অগ্রাধিকার নির্ধারণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তরুণ তালেবে ইলমদের উদ্দেশে বলেন, সুযোগ সীমিত এবং জীবনের মূলধন অত্যন্ত মূল্যবান। আজ মাদ্রাসার শিক্ষার পাশাপাশি তালেবে ইলমদের জন্য নতুন যোগাযোগ মাধ্যম ও আধুনিক প্রযুক্তির সাথে পরিচিতি একটি প্রয়োজনীয়তা। তবে সতর্ক থাকতে হবে যেন এই সরঞ্জামগুলো সঠিকভাবে এবং খাঁটি ইসলামী শিক্ষা প্রচারের জন্য ব্যবহার করা হয় এবং আমাদের সময় ও মূল অগ্রাধিকারগুলো যেন এগুলো দ্বারা প্রভাবিত না হয়। একজন তালেবে ইলমের বিভিন্ন বিষয়ের মধ্যে অগ্রাধিকার নির্ধারণ করা উচিত এবং জানা উচিত যে, সর্বোচ্চ জ্ঞান হলো কুরআনের কাছ থেকে শিক্ষা লাভ করা এবং এর আয়াতসমূহে গভীর চিন্তা-ভাবনা করা।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন পুরমোহাম্মদী সকল রোজাদারের ইবাদত-বন্দেগী কবুল হওয়ার কামনা করে বলেন, পবিত্র রমজান মাস কুরআনের বসন্ত। আমরা আশাবাদী, কুরআন ও ইতরাতের (আহলে বাইতের) মাধ্যমে আমরা এই নূরানি মাসের বরকত লাভ করতে সক্ষম হব এবং মহান প্রভু সকলকে নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকার এবং ওয়াজিব আমল পালনের তাওফিক দান করুন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha